দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হলেন বামফ্রন্ট প্রার্থীরা। সোনারপুর উত্তর ও দক্ষিণ, বারুইপুর পূর্ব ও পশ্চিম, জয়নগর এবং কুলতলি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থীরা দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়ন দাখিল করতে রওনা দেন।
দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বাম প্রার্থীদের সমর্থনে সকাল থেকেই বিভিন্ন অঞ্চল থেকে মিছিল করে আসেন কর্মী-সমর্থকরা। মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থীরা জানান, সাধারণ মানুষের সমস্যা, কর্মসংস্থান, কৃষি ও উন্নয়নের প্রশ্নে তারা নির্বাচনে লড়াই করছেন।
বামফ্রন্ট নেতৃত্বের দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মানুষের বিকল্প হিসেবে বামফ্রন্টই শক্তিশালী ভূমিকা নেবে। তাই নির্বাচনে সংগঠিতভাবে লড়াইয়ের বার্তা দিয়েই মনোনয়ন দাখিল করতে এগিয়ে যান প্রার্থীরা।
মনোনয়ন জমাকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থাও ছিল নজরে পড়ার মতো। প্রশাসনের তরফে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশেই প্রার্থীরা মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন করেন।
বামফ্রন্টের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তাদের লড়াইকে আরও শক্তিশালী করবে। আগামী দিনে জেলাজুড়ে প্রচারে জোর দেওয়া হবে বলেও জানান প্রার্থীরা।
