নববর্ষের আবহে বাংলা যখন রঙিন উৎসবে মেতে উঠেছে, ঠিক সেই সময় সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করার বার্তা নিয়ে এক অনন্য উদ্যোগ দেখা গেল যাদবপুরে।
যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১০১ নম্বর ওয়ার্ডের পাটুলি ঝিল পাড়ে, এক অন্যরকম ‘চায়ের আড্ডা’য় জমে উঠল জনসংযোগ ও জনসম্পর্কের আসর। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলতেই এই উদ্যোগ—আর সেই আড্ডায় সামিল হয়ে এক অনাবিল পরিবেশ তৈরি করলেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত মজুমদার।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং টিএমসিএস কমিউনিটির সদস্যরা। আড্ডার মেজাজে, গল্প-গানে, মতবিনিময়ে যেন মিলেমিশে গেল রাজনীতি আর সংস্কৃতি।
এই উদ্যোগের মূল কারিগর ১০১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত। তাঁর পরিকল্পনায় আয়োজিত এই অনুষ্ঠান যেন হয়ে উঠল এক মিলনমেলা—যেখানে রাজনীতির ভাষা ছাপিয়ে উঠে এল মানুষের কথা, বাংলার কথা।
চায়ের কাপের ধোঁয়া আর প্রাণখোলা আলোচনায় মুখর এই আড্ডায় মানুষের সাড়া ছিল চোখে পড়ার মতো। নববর্ষের এই শুভক্ষণে সম্প্রীতি, সংস্কৃতি ও মানুষের পাশে থাকার অঙ্গীকার যেন আরও একবার নতুন করে উচ্চারিত হল।
