গতকাল সন্ধে ৭টা ৫ মিনিট নাগাদ ভাঙর ট্রাফিক গার্ডের সার্জেন্ট নুরুল ইসলাম মোল্লা ও সার্জেন্ট দেবাশিস হালদার কর্তব্যরত অবস্থায় ছিলেন ঘটনকপুকুর মোড়ে। ঠিক সেই সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের কাছে ছুটে এসে জানায়, নিকটবর্তী ম্যাটাডোর স্ট্যান্ডের কাছে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে অন্য এক ব্যক্তির উপর হামলা চালিয়ে পালিয়ে যাচ্ছে। বিলম্ব না করে, তৎপরতার সঙ্গে দুই সার্জেন্ট অভিযুক্ত ব্যক্তিকে ধাওয়া করে ধরে ফেলেন এবং তার হাত থেকে ধারালো অস্ত্রটি উদ্ধার করেন। খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ভাঙর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক ও অতিরিক্ত ভারপ্রাপ্ত আধিকারিক।
এরপর সার্জেন্ট নুরুল ইসলাম মোল্লা ও সার্জেন্ট দেবাশিস হালদার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত ব্যক্তিকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরবর্তীতে ভাঙর থানার কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আইনানুগ পদক্ষেপের জন্য নিজেদের হেফাজতে নেয়। দুই ট্রাফিক সার্জেন্টের এই তৎপরতা ও সাহসিকতা প্রশংসার দাবি রাখে। কর্তব্যরত অবস্থায় মানবিক দায়িত্ব ও পেশাদারিত্বের এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করলেন তারা।
