আবারও আলো ঝলমলে কলকাতা। নভেম্বরের হাওয়ায় ভেসে আসছে সিনেমার গন্ধ। টলিপাড়ার আকাশে ফিরে এসেছে সেই সিনে ম্যাজিক—শুরু হচ্ছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর—পুরো এক সপ্তাহ জুড়ে শহর পরিণত হবে সেলুলয়েডের রাজধানীতে। এই বছরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর প্রতি বছরের মতোই নৃত্যের ছন্দে পর্দা উঠবে ডোনা গঙ্গোপাধ্যায়ের পারফরম্যান্সে। উৎসবের উদ্বোধনী ছবি—অজয় করের কালজয়ী সৃষ্টি ‘সপ্তপদী’, যেখানে উত্তম-সুচিত্রার প্রেমে মিশে আছে সময়, সংবেদন আর ইতিহাস।

এইবারের KIFF-এ দেখানো হবে ২১৫টি ছবি, যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্য ও ৩০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
অংশ নিচ্ছে ৩৯টি দেশ, ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি। ২১টি প্রেক্ষাগৃহ জুড়ে চলবে এই মহোৎসব। ফোকাস কান্ট্রি—পোল্যান্ড। দেখানো হবে তাদের ১৯ টি অসাধারণ সিনেমা। আর “Unheard India” বিভাগে থাকবে এমন সব ভারতীয় ভাষার ছবি, যেগুলির স্বর আগে শোনা যায়নি আন্তর্জাতিক পরিসরে। শ্রদ্ধার্ঘ্য অধ্যায়ে স্মরণ করা হবে ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, রিচার্ড বার্টনসহ বহু কিংবদন্তিকে।

ফিরে আসবে ঘটকের সেই অযান্ত্রিক, তিতাস, মেঘে ঢাকা তারা— যেন সিনেমার মধ্য দিয়ে সময়ের গায়ে হাত রাখা। ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সত্যজিৎ মেমোরিয়াল লেকচার’, যেখানে উপস্থিত থাকবেন কিংবদন্তি পরিচালক রমেশ সিপ্পি। উদযাপিত হবে “শোলে”-এর ৫০ বছর—এক অমর সিনেমা, এক অমর স্মৃতি। চলচ্চিত্র উৎসব মানে শুধু সিনেমা দেখা নয়— এটা ভাবনার উৎসব, ভাষার উৎসব, জীবনের উৎসব। KIFF আবারও প্রমাণ করতে চলেছ —”Where Cinema Connects The World.” এই আলো-ছায়ার মেলবন্ধনে কলকাতা হয়ে উঠবে আবেগের শহর,
সেলুলয়েডের হৃদয়। আর উত্তম-সুচিত্রার প্রেম দিয়ে শুরু হবে নতুন গল্পের উৎসব— যেমন সিনেমা শেখায়, শেষটা যতই সুন্দর হোক, যাত্রার শুরুটাই আসলে সবচেয়ে জাদুময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *