শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই
বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রবিবার শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।
জানা গেছে, তালসারী সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল। সেই সময় একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে জলে নামেন অভিনেতা। আচমকাই দুর্ঘটনা ঘটে এবং তিনি জলে তলিয়ে যান। সঙ্গে থাকা টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যান দীঘা হাসপাতালে। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, জলে ডুবে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক পরিচিত মুখ ছিলেন। একাধিক সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছিল। শুধু অভিনয় নয়, তাঁর পডকাস্ট প্রোগ্রামও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তাঁর অভিনীত চরিত্রও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। সহকর্মী থেকে ভক্ত—সকলেই স্মরণ করছেন তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্ব ও অভিনয় দক্ষতাকে। সাহিত্য ও চলচ্চিত্র জগতের জন্য এটি নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি
